1. admin@dailysubahbangla.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আল্লাহর সুন্দর নামসমূহ সাইবার অপরাধের শিকার দাবি জামায়াত নেতার: ভিডিও বিতর্কে পদ স্থগিত, থানায় অভিযোগ মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও গুগল জেমিনিতে যুক্ত হলো নতুন ফিচার ‘পারসোনাল ইন্টেলিজেন্স’, মিলবে দারুণ সুবিধা বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী হতে পারে: টিআইবি সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী আল্লাহ বান্দার যে ৩ টি কাজ বেশি পছন্দ করেন জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, ছয় শিক্ষার্থীর মাথায় আঘাত : প্রশ্নবিদ্ধ প্রশাসন আল্লাহ কারো উপর জুলুম করেন না ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

সিটি গ্রুপের ঋণ বিপর্যয়ের জন্য দায়ী ব্যাংকাররা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

ব্যাংকিং খাতে একজন দক্ষ ব্যাংকারের প্রধান দায়িত্ব হলো আমানত ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা, গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক আর্থিক পরামর্শ প্রদান করা এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রাখা। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় একজন ব্যাংকারকে একই সঙ্গে আর্থিক বিশ্লেষক ও গ্রাহকসেবাদাতা হিসেবে দায়িত্ব পালন করতে হয়। এ কারণেই অর্থনীতির গতিশীলতা ও উন্নয়নে ব্যাংকারদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ‘সিটি’র ক্ষেত্রে নিজেদের এ দায়িত্ব পালনে দক্ষ ব্যাংকাররাও ব্যর্থ হয়েছেন।

দেশ যে গ্যাসের অভাবসহ ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে, সে লক্ষণ দৃশ্যমান হয়েছিল প্রায় এক দশক আগে। দেশে উত্তোলিত গ্যাসে শিল্প-কারখানা সচল রাখতে ব্যর্থ হওয়ায় ২০১৮ সালের এপ্রিল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করে সরকার। তারও আগে থেকে বিভিন্ন শিল্প-কারখানায় নতুন গ্যাস সংযোগ দিতে ব্যর্থ হচ্ছিল পেট্রোবাংলা। অথচ গ্যাস সংযোগ নিশ্চিত না করেই ২০২০ সাল-পরবর্তী সময়ে এক সঙ্গে ছয়টি বৃহৎ শিল্প-কারখানা গড়ে তুলেছে ‘সিটি গ্রুপ’। এক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা এ শিল্প-কারখানাগুলোই মূলত গ্রুপটিকে বিপদে ফেলেছে। আর ঝুঁকি পর্যালোচনা না করে কেবল সুনামের ওপর ভিত্তি করে গ্রুপটিকে হাজার হাজার কোটি টাকার ঋণ দিয়ে বিপদ ডেকে এনেছে ব্যাংকগুলো। আর এক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় ছিলেন দেশের ভালো ব্যাংক ও ভালো ব্যাংকার হিসেবে পরিচিত শীর্ষ নির্বাহীরা।

বাংলাদেশ ব্যাংক ও অর্থায়নকারী ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল শেষে সিটি গ্রুপের মোট ঋণ স্থিতি ছিল ২৪ হাজার ৭৭৪ কোটি টাকা। দেশী-বিদেশী মোট ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ ঋণ নেয়া হয়েছে। গ্রুপটিকে ঋণ দেয়া শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো ব্যাংক। আর দেশের বেসরকারি খাতের সেরা ব্যাংকগুলোও গ্রুপটিকে ঋণ দেয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। এ তালিকায় রয়েছে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম, ব্র্যাক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইউসিবি, ডাচ্-বাংলা, পূবালী ও ব্যাংক এশিয়ার মতো বেসরকারি ব্যাংকগুলো। এসব ব্যাংকের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকারী ব্যাংকাররা দেশের ‘সেরা ব্যাংকার’ হিসেবে পরিচিত।

এর মধ্যে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন মো. মাহবুব উর রহমান। প্রথম বাংলাদেশী হিসেবে ২০২০ সালের মার্চ থেকে বহুজাতিক ব্যাংকটির শীর্ষ নির্বাহীর পদে রয়েছেন তিনি। আর ২০১৭ সাল থেকে টানা নয় বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন নাসের এজাজ বিজয়। সম্প্রতি তিনি এ পদ থেকে পদত্যাগ করেছেন।

দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক পিএলসির এমডি ও সিইও পদে রয়েছেন মাসরুর আরেফিন। ২০১৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। আর ২০০৭ থেকে টানা ১৮ বছর ইস্টার্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেছেন আলী রেজা ইফতেখার। চলতি বছর তিনি ব্যাংকটি থেকে অবসরে গেছেন। আরেক জ্যেষ্ঠ ব্যাংকার সেলিম আর এফ হোসেন ২০১৫ সাল থেকে টানা ১০ বছর ব্র্যাক ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালন করেন। গত বছর তিনি ব্যাংকটি থেকে পদত্যাগ করেন। আর ২০২১ সাল-পরবর্তী সময়ে প্রাইম ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্বে ছিলেন হাসান ও. রশীদ। সম্প্রতি তিনি ইস্টার্ন ব্যাংকের এমডি পদে যোগদান করেছেন। দেশের জ্যেষ্ঠ শীর্ষ নির্বাহীদের মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছেন সৈয়দ মাহবুবুর রহমান। ২০১৯ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকের শীর্ষ নির্বাহীর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

এদিকে, বিপুল বিনিয়োগের পরও স্থাপিত শিল্প-কারখানায় গ্যাস সংযোগ না পেয়ে সিটি গ্রুপ বড় ধরনের বিপদের মুখে পড়েছে। ঋণ পরিশোধের সক্ষমতা কমে যাওয়ায় ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে নীতিসহায়তা চেয়ে আবেদন জানিয়েছে। শিল্প গ্রুপটির বিপদে পাশে দাঁড়াতে একতাবদ্ধ হয়েছেন অর্থায়নকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা। গত ১৮ জুন একসঙ্গে সিটি গ্রুপের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন তারা। সেখানে সিটি গ্রুপের ঋণ পুনর্গঠনে একটি কমিটিও গঠন করা হয়।

এক্ষেত্রে শীর্ষ নির্বাহীদের বক্তব্য হলো দীর্ঘদিনের উজ্জ্বল ভাবমূর্তির কারণে ব্যাংকগুলো সিটি গ্রুপকে ঋণ দিয়েছে। এখন গ্রুপটি খেলাপি হয়ে গেলে দেশী-বিদেশী ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিপদে পড়বে। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) মতো বৈশ্বিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানও রয়েছে। যে ভালো ব্যাংকের খেলাপি ঋণ এখন ২ শতাংশ বা তার আশপাশে, সিটি গ্রুপের ঋণ খেলাপি হলে সেটি ৫-৭ শতাংশে গিয়ে ঠেকবে। এ পরিস্থিতিতে ব্যাংকগুলো নিজেদের স্বার্থেই সিটি গ্রুপের পাশে দাঁড়াতে চায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকেরও ইতিবাচক সায় রয়েছে বলে জানা গেছে।

কয়েকটি ব্যাংকের শীর্ষ নির্বাহী ও অতিরিক্ত বা উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা বলছেন, ২০২০ সাল-পরবর্তী সময়ে সিটি গ্রুপকে অতিরিক্ত ঋণ দেয়ার ক্ষেত্রে প্রথম সারির কিছু ব্যাংকের অতি উৎসাহ ছিল। তারা জ্বালানি নিরাপত্তাহীনতার ঝুঁকি বিবেচনায় না নিয়েই গ্রুপটিকে ঋণ দিয়েছে। এক্ষেত্রে প্রকৃত বিনিয়োগ সম্ভাবনা নয়, বরং সিটি গ্রুপের নামের ওপরই ঋণ দেয়া হয়েছে। শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর নাম দেখে ছোট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও একই পথে হেঁটেছে।

সিটি গ্রুপের কাছে এ মুহূর্তে সবচেয়ে বেশি ঋণ রয়েছে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। এর মধ্যে এইচএসবিসির ঋণের স্থিতি এখন ২ হাজার ২৬২ কোটি টাকা। আর গ্রুপটির কাছে ২ হাজার ৭২ কোটি টাকার ঋণ রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের। বহুজাতিক এ দুটি ব্যাংকই এখন সিটি গ্রুপের ঋণ নিয়ে বিপাকে পড়েছে। এ ব্যাংক দুটির খেলাপি ঋণের হার এখন যৎসামান্য। সিটি গ্রুপের ঋণ খেলাপি হলে দুটি ব্যাংকেরই খেলাপি ঋণে উল্লম্ফন ঘটবে।

বিদেশী এ দুটি ব্যাংকের পাশাপাশি সিটি গ্রুপের কাছে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের ঋণ রয়েছে ৪৬৫ কোটি টাকার। আর ব্যাংক আলফালাহ-এর ৮৪ কোটি, হাবিব ব্যাংকের ৩৫ কোটি ও উরি ব্যাংকের ২৯ কোটি টাকার ঋণ রয়েছে গ্রুপটির কাছে। এছাড়া আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর মধ্যে এডিবির ১১৩ কোটি, আইএফসির ১০১ কোটি ও আইসিডির ৩০৩ কোটি টাকার ঋণ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সুবাহ বাংলা
Theme Customized By Green Host Park