
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের কোনো ধারা লঙ্ঘন করলে ইরান তাৎক্ষণিক ও উপযুক্ত জবাব দেবে বলে সতর্ক করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, দেশটির ওপর যেকোনো হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন। বাঘেই বলেন, “কোনো পদক্ষেপের জবাব না দিয়ে আমরা বসে থাকব না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলা হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা চালায়, তাহলে সেটি সমঝোতা স্মারকের প্রথম ধারার সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের লঙ্ঘন যদি বারবার ঘটে, তাহলে তাদের বাধার মুখে পড়তে হবে।”
এদিকে কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অবস্থান করলেও তাদের মধ্যে কোনো সরাসরি আলোচনা হবে না বলে জানিয়েছে তেহরান। ইরানের দাবি, কাতারের কর্মকর্তাদের সাথে জব্দকৃত ইরানি অর্থ ছাড়ের বিষয়েই বৈঠক হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত নেই।
উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০ দিনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় উভয় দেশ স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ রাখা এবং আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে সম্মত হয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটায় সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সূত্র: এএফপি