
আল্লাহ কারো উপর জুলুম করেন না । এ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামীন বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না, মানুষই নিজেদের প্রতি জুলুম করে থাকে। (সুরা : ইউনুস, আয়াত : ৪৪)
সত্য গ্রহণের জন্য মানুষকে চোখ-কান দেয়া হয়েছে । তবু তারা সত্য গ্রহণ করে না। সত্যের বাণী হৃদয় দিয়ে অনুভব করে না। এর ফলে তারা নিজেদের ইহকাল ও পরকালের ক্ষতির দিকে ঠেলে দেয়। এ ক্ষতির জন্য আল্লাহ দায়ী নন।
আল্লাহ কারো প্রতি অবিচার করেন না। মানুষই নিজেদের প্রতি অবিচার করে। জেনেবুঝেও তারা নিজেদের অকল্যাণের পথে পরিচালিত করে। আল্লাহ মানুষকে বিভিন্ন মানসিক দক্ষতা দিয়েছেন যেমন—বোঝার ক্ষমতা, জানার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা।
জীবনকে সুস্থ, সুন্দর ও শান্তিময় করার জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রাসুল পাঠিয়েছেন। তাঁরা মানুষকে সত্পথের সন্ধান দিয়েছেন, সঠিক পথ প্রদর্শন করেছেন। এরই সঙ্গে তিনি মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। এই স্বাধীন ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে একদল ইমান আনে, আর অন্য দল অবিশ্বাসী রয়ে যায়।
জালিমদের পরিণতি
মানুষের ওপর অত্যাচার, জুলুম, নিপীড়ন, নির্যাতন এমন অপরাধ, দুনিয়ার জীবনেই মানুষ যার শাস্তি পেয়ে যায়।শুধু মানুষ নয়, পশুপাখির ওপরও জুলুম করা হারাম। জুলুম ভয়াবহ অপরাধ। এই অপরাধে দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ‘জালিমরা শিগগিরই জানবে, কোথায় তারা প্রত্যাবর্তন করবে।’ (সুরা : শুআরা, আয়াত : ২২৭)
অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর তোমরা জালিমদের প্রতি ঝুঁকে পড়বে না, ঝুঁকে পড়লে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে।’ (সুরা : হুদ, আয়াত : ১১৩)
তাই সবলদের উচিত দুর্বলদের সঙ্গে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকা। মহানবী (সা.) বলেছেন, ‘মুসলমান মুসলমানের ভাই। সে তার ওপর জুলুম করবে না কিংবা তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন।’ (বুখারি শরিফ : হাদিস ২২৬৫)
তাই আমাদের সবার উচিত জালিমকে প্রতিহত করা ও মজলুমকে সাহায্য করা। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক কিংবা মজলুম।’ এক ব্যক্তি বলল, ‘হে আল্লাহর রাসুল! মজলুমকে আমরা সাহায্য করব, এটা তো বুঝলাম, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব?’ তিনি বললেন, ‘তুমি জালিমের হাত শক্ত করে ধরে রাখবে, যাতে সে জুলুম করতে না পারে।’ (বুখারি শরিফ : হাদিস ২২৬৭)
ইসলামে মজলুমের অভিশাপকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) মুআজ (রা.)-কে ইয়েমেনে পাঠালেন এবং তাকে বললেন, ‘মজলুমের অভিশাপকে ভয় করো। কেননা তার অভিশাপ ও আল্লাহর মধ্যে কোনো আড়াল থাকে না। অর্থাৎ খুব দ্রুত তার বদদোয়া আল্লাহ কবুল করে নেন।’ (বুখারি : হাদিস ২২৭১)
হাদিসে কুদসিতে রাসুল (সা.) বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ‘হে আমার বান্দারা! আমি নিজের ওপর জুলুম হারাম করে নিয়েছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও তা হারাম করেছি। সুতরাং তোমরা পরস্পরের ওপর জুলুম কোরো না।’ (মুসলিম শরিফ ও জামে তিরমিজি)