বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপনের বাজার ও ই-কমার্স খাতকে সুশৃঙ্খল করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রস্তাবিত ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, ডিজিটাল বিজনেস আইডেনটিটি (ডিবিআইডি) নিবন্ধন ছাড়া গুগল, ফেসবুক ও ইউটিউবের মতো কোনো বিদেশি প্ল্যাটফর্ম বাংলাদেশে নতুন কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। একই সঙ্গে বিদেশি যেকোনো প্রতিষ্ঠানকে বাংলাদেশে পণ্য বা সেবা বিক্রির জন্য ডিবিআইডি নিবন্ধন এবং প্রচলিত কর ও ভ্যাট আইন মেনে চলা বাধ্যতামূলক করা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এই নীতিমালার পূর্ণাঙ্গ খসড়া তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ মানুষ আগামী ৬ আগস্ট পর্যন্ত এই খসড়ার ওপর তাদের মতামত দিতে পারবেন। এরপর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এই বিশাল খাত থেকে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে, যা এই নতুন উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হবে।
খসড়া নীতিমালার উল্লেখযোগ্য দিকসমূহ:
১. বাধ্যতামূলক নিবন্ধন ও কর: বিদেশি সব ডিজিটাল বাণিজ্য প্রতিষ্ঠানকে ডিবিআইডি নিবন্ধন নিতে হবে এবং নিয়মিত ভ্যাট-ট্যাক্স পরিশোধ করতে হবে।
২. ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা: দেশীয় এমএসএমই (MSME) উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানি বাড়াতে বিশেষ আর্থিক প্রণোদনা, বিমা সুবিধা এবং আধুনিক লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।
৩. নিষেধাজ্ঞা: অনলাইনভিত্তিক জুয়া, লটারি, বেটিং এবং বিভ্রান্তিকর চটকদার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।
৪. ভোক্তা অধিকার সুরক্ষা: কেনাকাটার আগে ওয়ারেন্টি-গ্যারান্টি সম্পর্কে স্পষ্ট তথ্য দিতে হবে। পণ্য নকল বা ত্রুটিপূর্ণ হলে দ্রুত অর্থ ফেরতের (রিফান্ড) ব্যবস্থা রাখতে হবে।
৫. লেনদেনের স্বচ্ছতা: আন্তর্জাতিক মুদ্রা লেনদেন সহজ করতে ‘ক্রস-বর্ডার এসক্রো’ সেবা এবং বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে দেশীয় পরিকাঠামোর সংযোগ স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।