জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আড়াই মাসে তিন দফা সংঘর্ষে ছয় শিক্ষার্থীর মাথায় আঘাতের ঘটনা ঘটেছে। সম্প্রতি, ১৪ অক্টোবর সংঘর্ষে আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। অথচ এর আগের দুটি ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। ধারাবাহিক এসব ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা ও প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
সর্বশেষ সংঘর্ষের পর ১৫ অক্টোবর সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও কমিটির সদস্য-সচিব হিসেবে প্রক্টরকে দায়িত্ব দেওয়ায় তদন্তের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ।
এর আগে গত ২৯ জুলাই ছাত্রলীগের রাজনীতি থেকে ছাত্রদলে যোগ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে অগ্নিবীণা হলের ডাইনিংয়ে খাবার খাওয়া অবস্থায় রিজওয়ানুল করিম রাব্বিকে মারধরের অভিযোগ ওঠে। ৩ সেপ্টেম্বর একই সংগঠনের দুই পক্ষের বিরোধে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তামজিদ আহমেদ লাবিব গুরুতর আহত হন। তাঁর মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছিল; পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উভয় ঘটনার পর সংশ্লিষ্ট পক্ষ ও প্রক্টরিয়াল টিম পরিস্থিতি শান্ত করার উদ্যোগের কথা জানালেও আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন তৈরি কিংবা তদন্তের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
সর্বশেষ ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) ক্রিকেট ম্যাচ চলাকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সন্ধ্যায় দুই দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর পাঁচ শিক্ষার্থী আহত হন। তাঁদের মধ্যে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের রুবিউল ও সাকিবের মাথায় গুরুতর আঘাত লাগায় অস্ত্রোপচার করতে হয়। আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁরা আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের আরটিভি প্রতিনিধি আবু তাহের মণ্ডলের মুঠোফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলার অভিযোগও উঠেছে। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
১৫ অক্টোবর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে; সদস্য-সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, আগের ঘটনাগুলোর পর কার্যকর পদক্ষেপ নেওয়া হলে পরবর্তী সংঘর্ষ প্রতিরোধের সুযোগ তৈরি হতে পারত। সর্বশেষ সংঘর্ষের সময় প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁকে তদন্ত কমিটির সদস্য-সচিব করায় প্রশাসনের ভূমিকা যথাযথভাবে পর্যালোচনা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের দাবি, তদন্তে শুধু সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করলেই চলবে না; আগের দুই ঘটনায় তদন্ত না হওয়ার কারণ এবং সংঘর্ষ প্রতিরোধে প্রশাসন ও প্রক্টরিয়াল বডির ভূমিকা বা কোনো দায়িত্বে অবহেলা ছিল কি না, তাও নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে হবে।